হরমুজ প্রণালি দ্রুত খুলে না দিলে ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর’ পদক্ষেপ নেওয়া হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দ্রুত চালু করা না হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। তার দাবি, মঙ্গলবার সারাদিনই ইরানের সঙ্গে আলোচনা হয়েছে এবং সেখানে কিছু অগ্রগতিও হয়েছে।
তবে ট্রাম্প সতর্ক করে বলেন, আলোচনা ইতিবাচক হলেও সমঝোতা না হলে ইরানকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।
অন্যদিকে কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে। কাতারের ভাষ্য, কূটনৈতিক উদ্যোগের কারণে একটি স্থায়ী সমাধানের সম্ভাবনাও তৈরি হচ্ছে। এই আশাবাদের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। কমতে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম।
তবে ট্রাম্প আলোচনার কথা বললেও, তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে এমন কোনো আলোচনা শুরু হওয়ার বিষয়টি স্বীকার করেনি।
এদিকে কাতারের আমিরি দিওয়ান জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দূরত্ব কমানো এবং সংকটের স্থায়ী কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















