পশ্চিম জার্মানির এক আদালত হাসপাতালে ১০ রোগীকে হত্যা ও ২৭ জনকে হত্যাচেষ্টার অভিযোগে এক নার্সকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মে মাসের মধ্যে ওয়ার্সেলেনের একটি হাসপাতালে এসব হত্যাকাণ্ড ঘটান।
আদালত জানায়, এই অপরাধে বিশেষত গুরুতর অপরাধ ধারা প্রযোজ্য হওয়ায় অভিযুক্ত ১৫ বছর পর শর্তসাপেক্ষ মুক্তির সুযোগ থেকেও বঞ্চিত থাকবেন।
প্রসিকিউটরদের মতে, অভিযুক্ত নার্স রাতের শিফটে কাজের চাপ কমাতে মরফিন ও মিদাজোলাম ইনজেকশন দিয়ে রোগীদের হত্যা করতেন। আদালতে তিনি নিজের কর্মকাণ্ডের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেননি।
অভিযুক্তের ব্যক্তিত্বজনিত সমস্যা ছিল বলে জানান প্রসিকিউটররা। তিনি ২০০৭ সালে প্রশিক্ষণ সম্পন্ন করে বিভিন্ন হাসপাতালে কাজ করেন এবং ২০২০ সালে ওয়ার্সেলেন হাসপাতালে যোগ দেন। ২০২৪ সালে গ্রেফতারের পর তদন্তে আরও নিহতদের শনাক্ত করতে মৃতদেহ উত্তোলন করা হয়েছে। ফলে ভবিষ্যতে তার বিরুদ্ধে নতুন বিচারের সম্ভাবনাও রয়েছে।
এই ঘটনা ২০১৯ সালে ৮৫ রোগী হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জার্মান সিরিয়াল কিলার নাইলস হোগেল-এর মামলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
সূত্র: এএফপি

