শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রয়েছে এবং আগে দেশের চিনিকলগুলোর মজুত চিনি বিক্রি করা হবে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি জানান, চিনিকলে উৎপাদিত জমা থাকা চিনি বর্তমানে টিসিবির মাধ্যমে বাজারজাত করা হচ্ছে। চিনিকলে লাভজনকতা ফিরিয়ে আনতে হলে শুধু চিনি নয়, এর সঙ্গে সম্পৃক্ত অন্যান্য পণ্য উৎপাদনের দিকেও নজর দিতে হবে। কারণ ব্রিটিশ আমলের পুরোনো এসব মিল এখনো দেশের চাহিদার একটি অংশ পূরণ করলেও দ্রুত লাভ আসা কঠিন।

আদিলুর রহমান খান বলেন, ভর্তুকি দিয়ে দীর্ঘমেয়াদে চিনিকল চালানো সম্ভব নয়। এজন্য দেশীয় ও বিদেশি বিনিয়োগ জরুরি। বিভিন্ন মহলের সঙ্গে ইতোমধ্যে আলোচনা চলছে এবং খুব শিগগিরই ইতিবাচক অগ্রগতি আশা করা যাচ্ছে। পাশাপাশি আনুষঙ্গিক উৎপাদনমুখী কার্যক্রম শুরু করার পরিকল্পনাও সরকারের রয়েছে।

দেশীয় উদ্যোক্তাদের অংশগ্রহণের প্রতি আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, স্থানীয় বিনিয়োগকারীরাই মূল সহযোগী হতে পারেন—তাদের নিয়ে আলোচনাও চলছে।

উত্তরা গণভবন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, রেওয়াজ অনুযায়ী প্রতিটি সরকারের সময় এখানে অন্তত একটি সভা হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন এটি অবহেলিত ছিল।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।