পাড়ার মানুষের হাঁড়ির খবর রাখা অনেকেরই স্বভাব, কিন্তু সেই স্বভাবকে কাজে লাগিয়ে কেউ যে কড়কড়ে টাকা রোজগার করে দুটি বাড়ির মালিক হয়ে যাবেন—তা কে জানত! ঠিক এই অবিশ্বাস্য কাণ্ডটি ঘটিয়েছেন কলম্বিয়ার ৬৭ বছর বয়সি নারী মিরিয়াম। প্রতিবেশীদের গোপন গল্প, প্রেমের কেচ্ছা কিংবা ঝগড়াঝাটির খবর জোগাড় করে চড়া দামে বিক্রি করাই এখন তার আসল কাজ!
নিজের ঘরের সামনে বসে চারপাশের সব খবরের ওপর তীক্ষ্ণ নজর রাখেন মিরিয়াম। কার সংসারে কী ঝামেলা চলছে বা কে কার সঙ্গে চুপিচুপি দেখা করছে—সব তথ্য কায়দা করে শুনে তিনি ডায়েরিতে টুকে নেন। খবরের গুরুত্ব বুঝে দাম হাঁকান তিনি। ছোটখাটো খবর কম দামে মিললেও গোপন বা মুখরোচক খবরের দাম ওঠে আকাশে! যেমন, এক লোক স্ত্রীর অলক্ষ্যে পরকীয়া করছিলেন, সেই গোপন কথা পেটে চেপে রাখার জন্য একাই তিনি কামিয়ে নেন প্রায় সাত লাখ টাকা।
মিরিয়ামের ঘরে ঢুকে যে কেউ চমকে যাবেন। সেখানে দেওয়ালজুড়ে ঝুলছে পাড়ার নানা মানুষের ছবি আর রহস্যময় নোট। তিনি প্রমাণের বাইরে এক চুল কথা বলেন না বলে পুরো এলাকায় তার নাম হয়ে গেছে ‘গসিপ কুইন’ বা খবরের রানী। উপার্জিত জমানো টাকা তিনি জমা করেন ঘরের এক বিশাল মাটির ব্যাংকে।
পাড়ার অনেকে তার এই স্বভাব নিয়ে বেশ রেগে যান এবং অন্যের গোপন বিষয়ে নাক গলানোর জন্য সমালোচনা করেন। তবে মিরিয়াম এসবের পরোয়া করেন না। উল্টো হাসিমুখে জানান, লোকজনের হাঁড়ির খবর জোগাড় করাই তার জীবন এবং এই জিনিসটা নাকি এক্কেবারে তার রক্তে মিশে আছে! সূত্র: এনডিটিভি।

ডেস্ক রিপোর্ট 



















