গাজায় শান্তি ফেরাতে মিসরের রাজধানী কায়রোয় মিলিত হয়েছেন ইসরায়েল-হামাসের প্রতিনিধিরাসহ মধ্যস্থতাকারীরা। গতকাল সোমবার দুই পক্ষের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা নিয়ে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। তবে ট্রাম্পের নিষেধ অমান্য করে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে।
আজ ৭ অক্টোবর গাজা যুদ্ধের দুই বছর পূর্ণ হলো। ২০২৩ সালের এই দিনে হামাস ইসরায়েলে আকস্মিক হামলার পর গাজায় শুরু হয় ইসরায়েলের ব্যাপক আগ্রাসন। হামলার এই বার্ষিকীতে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা পরিস্থিতি নিয়ে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলাপ করেছেন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে মত পুনর্ব্যক্ত করেছেন।
দুই বছর ধরে চলা এই যুদ্ধের ফলে গাজা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সর্বশেষ গত ৪৮ ঘণ্টায় ১৩১টি বিমান হামলায় প্রাণ গেছে ৯৪ জনের। গতকাল সোমবারের হামলায় নিহত হয়েছেন একজন ত্রাণপ্রত্যাশীসহ আরও ১০ ফিলিস্তিনি। গত দুই বছরে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৬৭ হাজার ১৬০ জনে, আহত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৬৭৯ জন। ট্রাম্পের যুদ্ধবিরতি নির্দেশের পর গত ৩ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় আরও ১০৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

