নাটোরের লালপুর উপজেলা গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির ৩৬ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি পৃথক পদত্যাগপত্র ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পদত্যাগপত্রগুলোতে জেলা কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. মেহেন্নিকা পারভীন, উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি মো. আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামারুজ্জামান, অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল হেলালসহ আরও কয়েকজনের স্বাক্ষর রয়েছে।

তবে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির আরও ২৯ জনের নাম থাকলেও তাদের স্বাক্ষর পাওয়া যায়নি।

উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. মেহেদী হাসান রাজু বলেন, “ভুল বোঝাবুঝির কারণে কয়েকজন পদত্যাগ করেছেন, তবে সবাই নয়। বিষয়টি সমাধানে চেষ্টা চলছে।”

অন্যদিকে পদত্যাগকারী নেতা মো. আসাদুজ্জামান বলেন, “আমিসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ৩৬ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছি। এই সিদ্ধান্ত থেকে আমরা সরে আসব না।”

জেলা সভাপতি অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ বুলবুল বলেন, “এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাইনি, তাই মন্তব্য করা যাচ্ছে না।”

উল্লেখ্য, মাত্র দুই দিন আগে—৩ অক্টোবর—লালপুর উপজেলা গণঅধিকার পরিষদের ৩৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এর পরপরই এই গণপদত্যাগে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।