ইসরায়েলের বিরুদ্ধে আরও এক বড় পদক্ষেপ নিয়েছে তুরস্ক। গাজায় গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির ৩৭ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আঙ্কারা।
তালিকায় রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির, সেনাপ্রধান আইয়াল জামির এবং নৌবাহিনী প্রধান ডেভিড সাআর সালামাসহ আরও অনেকে।
তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং মানবিক সহায়তা বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে হামলার জন্য।
আঙ্কারার এক বিবৃতিতে জানানো হয়, গত দুই বছর ধরে গাজায় ইসরায়েলের চালানো নৃশংসতার প্রমাণ ও সুমুদ ফ্লোটিলা অভিযানে বেঁচে ফেরা ব্যক্তিদের সাক্ষ্য ও ফরেনসিক তথ্য এই মামলার মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজা আগ্রাসনের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

