এবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করে হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান যেকোনো হামলার জবাব দেবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনো বুঝতে পারেনি যে দাদাগিরি আর প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য দিতে হয়। পরিষ্কার করে বলছি— তোমরা হামলা করলে পালটা আঘাত পাবে।’
গালিবাফ আরও বলেন, ‘হরমুজ প্রণালি কেবল ইরানের নির্ধারিত নিয়মেই চালু থাকবে।’ তিনি বলেন, ‘অকারণে শক্তি প্রদর্শন করবেন না, তাহলে আরও বড় বিপদে পড়বেন। হরমুজ প্রণালি খুলবে শুধু ইরানের শর্তে, যুক্তরাষ্ট্রের হুমকিতে নয়।’ এদিকে, মার্কিন বাহিনীর হামলায় ইরানের ৮ সেনা নিহত হয়েছেন। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এ হতাহতের ঘটনা ঘটে।বুধবার (৮ জুলাই) ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাস ও বুশেহরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতরা ছিলেন ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য। অন্যদিকে, মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনায় পালটা হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ দাবি করেছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ‘শাস্তিমূলক প্রতিক্রিয়ার’ প্রথম ধাপে তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে। আইআরজিসির দাবি অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল কুয়েতের ‘ক্যাম্প আরিফজান’ ও ‘আলি আল সালেম’ ঘাঁটি। সেইসঙ্গে বাহরাইনের ‘জুফায়ের’ ও ‘শেখ ইসা’ সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে তারা। তথ্যসূত্র: মিডল ইস্ট আই

ডেস্ক রিপোর্ট 





















