বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের শান্তি নষ্ট না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী ১০ বছরের জন্য দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
শনিবার চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একটি মহল বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এমন বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। জনগণের স্বার্থে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে নতুন করে পরিকল্পিতভাবে সাজানোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, আগামী ১০ বছরের পরিকল্পনা অনুযায়ী স্কুল-কলেজ, হাসপাতাল, শিল্পকারখানা ও বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি যানবাহনের জন্য প্রয়োজনীয় গ্যাসের ব্যবস্থাও করা হবে।
বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের আনোয়ারায় চীনা বিনিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে কয়েক শ শিল্পকারখানা গড়ে উঠলে চট্টগ্রামের মানুষের কর্মসংস্থান বাড়বে এবং দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।
এ ছাড়া চলতি অর্থবছরে প্রায় ৪১ লাখ পরিবারের মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। বাঁশখালীর ১০ থেকে ১২ হাজার পরিবার এ সুবিধা পাবে বলেও জানান প্রধানমন্ত্রী।
কৃষক কার্ডের আওতায় বাঁশখালীর লবণচাষিদেরও আনার কথা জানিয়ে তিনি বলেন, লবণের ন্যায্যমূল্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বাঁশখালী উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।

ডেস্ক রিপোর্ট 























