এবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ‘ধ্বংসস্তূপ’ থেকে দেশকে উদ্ধার করে এগিয়ে নিতে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসকদের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংস করেছে, তখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব বিএনপির ওপর পড়েছে। বিএনপি দেশকে এগিয়ে নিতে কাজ করছে, কিন্তু একটি মহল ও একটি দল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। মির্জা ফখরুল বলেন, দেশকে আবারও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, অতীতে দেখা গেছে, দেশ যখনই এগিয়ে যেতে শুরু করেছে, তখনই একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পেছনে টেনে নেওয়ার চেষ্টা করেছে। চিকিৎসকদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, চিকিৎসকরা সমাজের অন্যতম উচ্চশিক্ষিত শ্রেণি এবং দেশের জন্য তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য সম্পর্কে জনগণকে সচেতন করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।
ফখরুল বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নতুন উন্নয়ন, মানুষের মর্যাদা এবং সমতার ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠিত হবে।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ।’ সমাবেশের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এলডি হল প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় সংগীত পরিবেশনের সময় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর কবুতর ও বেলুন উড়িয়ে চিকিৎসকদের সমাবেশের উদ্বোধন করা হয়।
ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং ড্যাব মহাসচিব জহিরুল ইসলাম শাকিল।

ডেস্ক রিপোর্ট 





















