দীর্ঘ প্রায় দুই দশকের অপেক্ষার অবসান হতে যাচ্ছে ফিলিস্তিনে। অবশেষে আইনসভা নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আন্তর্জাতিক মহলে সরকারের গণতান্ত্রিক বৈধতা নিয়ে বাড়তে থাকা চাপের মধ্যেই এসেছে এই গুরুত্বপূর্ণ ঘোষণা।
বৃহস্পতিবার (৯ জুলাই) জারি করা এক সরকারি আদেশে আব্বাস জানান, আগামী ২৮ নভেম্বর ফিলিস্তিনের আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হবে অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকাসহ সব ফিলিস্তিনি অঞ্চলে।
নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হলে, এটি হবে ২০০৬ সালের পর ফিলিস্তিনের প্রথম আইনসভা নির্বাচন। ওই নির্বাচনে অপ্রত্যাশিতভাবে জয় পেয়েছিল হামাস। এরপর মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ এবং হামাসের মধ্যে রাজনৈতিক বিভক্তি সৃষ্টি হয়। ২০০৭ সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর সেই সংকট আরও গভীর হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় ফিলিস্তিনি নেতৃত্বের বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছিল। রামাল্লাহভিত্তিক সাংবাদিক নূর ওদেহের ভাষ্য, এই নির্বাচন ঘোষণাকে ফিলিস্তিনি নেতৃত্ব এবং বিভিন্ন প্রভাবশালী দেশের সঙ্গে চলমান কূটনৈতিক সংলাপের একটি গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে দেখা হচ্ছে।
এখন নজর থাকবে, ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয় কি না এবং তা ফিলিস্তিনের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে কতটা ভূমিকা রাখতে পারে।

ডেস্ক রিপোর্ট 




















