ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফনের পরপরই কঠোর বার্তা দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী—আইআরজিসি। বাহিনীর শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি বলেছেন, খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে এবং এই হত্যাকাণ্ড কখনোই ইতিহাসের স্মৃতি থেকে মুছে যাবে না।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতির বরাতে ডন জানায়, আইআরজিসির সংবাদমাধ্যম সেপাহ নিউজ-এ দেওয়া বক্তব্যে আহমাদ ওয়াহিদি বলেন, খামেনিকে হত্যা করে প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করা যাবে না। বরং শহীদদের রক্তের প্রতিশোধ এবং দায়ীদের বিচারের আওতায় আনা ইরানের জন্য একটি চূড়ান্ত ও বৈধ দাবি হয়ে থাকবে।
তিনি যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় সমালোচনা করে বলেন, মার্কিন নেতৃত্ব এবং ইসলামি বিপ্লবের সব শত্রুর জানা উচিত, এই হত্যাকাণ্ড প্রতিরোধের পতাকাকে কখনোই নামিয়ে আনতে পারবে না। অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করেই ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের চার সদস্য নিহত হওয়ার চার মাস পর বৃহস্পতিবার তার জন্মস্থান মাশহাদে দাফন সম্পন্ন হয়। আর দাফনের পরপরই আইআরজিসির এই কঠোর অবস্থান নতুন করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

ডেস্ক রিপোর্ট 




















