ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও ছড়িয়ে পড়েছে সহিংসতা। নতুন করে ঘরবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, কুকি সম্প্রদায়ের হামলায় মেইতেইদের বেশ কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। বাধা দিতে গেলে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে আতঙ্ক আরও বেড়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
এদিকে, বছরের শুরুতে অপহৃত ১৮ জনের মধ্যে কয়েকজনের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধারের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সম্প্রতি দেহাবশেষের বাকি অংশ উদ্ধারের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিশ্লেষকদের মতে, জাতিগত বিরোধ, বিচ্ছিন্নতাবাদী তৎপরতা এবং সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ—এই তিনটি কারণ সংকটকে আরও গভীর করছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২৩ সালে মেইতেই সম্প্রদায়ের তফসিলি উপজাতির মর্যাদার দাবিকে কেন্দ্র করে কুকি সম্প্রদায়ের সঙ্গে সংঘাত শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন এলাকায়। দীর্ঘস্থায়ী এই সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ২৬০ জন নিহত এবং ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

