ফিলিস্তিনের পাশে দাঁড়ানো শুধু মুসলিম বিশ্বের নয়, পুরো মানবজাতির যৌথ দায়িত্ব বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
বুধবার (১২ আগস্ট) আঙ্কারার প্রেসিডেন্সিয়াল প্যালেসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সব প্ল্যাটফর্মে তুরস্ক জোরালো ভূমিকা অব্যাহত রাখবে। তার অভিযোগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব ধ্বংসের চেষ্টা করছে।
জাতিসংঘের তথ্য তুলে ধরে এরদোয়ান জানান, ২০২৬ সালে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা, উচ্ছেদ ও ঘরবাড়ি ধ্বংসের কারণে প্রায় ৩ হাজার ৮০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এ সময়ে নিহত হয়েছেন প্রায় ১০০ ফিলিস্তিনি।
এই পরিস্থিতিকে ‘পদ্ধতিগত দখলদারিত্ব’ আখ্যা দিয়ে তিনি বলেন, ফিলিস্তিন ইস্যু আন্তর্জাতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার যেকোনো চেষ্টা ব্যর্থ হবে।
এরদোয়ান আরও বলেন, ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তুরস্কের অবস্থান অপরিবর্তিত। একই সঙ্গে গাজার পুনর্গঠন দ্রুত শুরু এবং আল-আকসা মসজিদসহ পবিত্র স্থানগুলোর বর্তমান স্থিতি বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
ফিলিস্তিনে আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকেও স্বাগত জানান তুর্কি প্রেসিডেন্ট।

ডেস্ক রিপোর্ট 
























