চট্টগ্রামের পটিয়া উপজেলায় আওয়ামী লীগবিরোধী যুবদলের মশাল মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতার অংশগ্রহণের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া বাসস্টেশন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাব চত্বরে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জানা যায়, এতে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীও অংশ নেন।
স্থানীয়রা জানান, মিছিলের নেতৃত্ব দেন পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হাকিম। অভিযোগ রয়েছে, মিছিলে লোক বাড়াতে তিনি যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের অংশ নিতে বলেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে যুবলীগের এরশাদ এবং ছাত্রলীগের নাজিব, সায়মন ও দেলোয়ার রয়েছে। বিষয়টি প্রকাশ হওয়ার পর যুবদলের অভ্যন্তরে ক্ষোভ দেখা দেয়।
এদিকে, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ১১ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে—কেন্দ্রের অনুমতি ছাড়া কোনো স্থানীয় ইউনিট স্বাধীনভাবে কর্মসূচি নিতে পারবে না। নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এবং তা সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনে জারি হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে স্থানীয়ভাবে এই কর্মসূচি নেওয়া শৃঙ্খলাভঙ্গের শামিল, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
অভিযোগের বিষয়ে নুরুল হাকিম বলেন, “আমরা আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মিছিল করেছি। যারা অংশ নিয়েছেন, তারা আওয়ামী লীগের দমননীতির বিরুদ্ধে ছিলেন, দলীয় পরিচয়ে নয়।”

ডেস্ক রিপোর্ট 

























