হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর অতিরিক্ত ফি আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তার ভাষায়, এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত করবে।
সাও পাওলোতে এক জনসমাবেশে দেওয়া বক্তব্যে লুলা বলেন, হরমুজ প্রণালি সচল রাখার নামে প্রতিটি জাহাজের কাছ থেকে ২০ শতাংশ অর্থ আদায় করার পরিকল্পনা আন্তর্জাতিক বাণিজ্যের নীতির পরিপন্থী এবং এটি জলদস্যুতার সামিল।
এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ইরানের ওপর অবরোধ পুনর্বহালের পাশাপাশি হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে, যাতে এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা ব্যয় বহন করা যায়।
লুলা বলেন, দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রের এমন নীতি বিশ্বব্যবস্থার জন্য উদ্বেগজনক।
তিনি আরও সতর্ক করেন, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব ইতোমধ্যেই ব্রাজিলের অর্থনীতিতে পড়তে শুরু করেছে। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় দেশটিতে জ্বালানি, চাল, শিম, টমেটো ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে।
এই পরিস্থিতি সামাল দিতে অপরিশোধিত তেল রপ্তানির ওপর আরোপিত কর থেকে পাওয়া অর্থ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবহার করছে ব্রাজিল সরকার বলে জানিয়েছেন প্রেসিডেন্ট লুলা।

ডেস্ক রিপোর্ট 

























