নিউক্লিয়ার ফিউশন বা ‘কৃত্রিম সূর্য’ প্রযুক্তির উন্নয়নে বড় মাইলফলক অর্জন করেছে চীন। দেশটির বিজ্ঞানীরা বিশ্বের বৃহত্তম ও শক্তিশালী সুপারকন্ডাক্টিং ম্যাগনেট তৈরি ও সফলভাবে পরীক্ষা করেছেন।

ইংরেজি ‘ডি’ আকৃতির বিশাল এই চুম্বকটির ওজন প্রায় ৫৮২ মেট্রিক টন। এটি চীনের পরবর্তী প্রজন্মের ফিউশন রিয়্যাক্টর ‘বেস্ট’ বা BEST-এ ব্যবহার করা হবে।

ফিউশন রিয়্যাক্টরের ভেতরে প্লাজমাকে ১০ কোটি ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় উত্তপ্ত করা হবে। এত উচ্চ তাপমাত্রার প্লাজমাকে নিয়ন্ত্রণে রাখতে ৫৮২ টনের এই ম্যাগনেট শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করবে। এর মাধ্যমে প্লাজমাকে রিয়্যাক্টরের দেয়াল থেকে দূরে রেখে নিয়ন্ত্রিত অবস্থায় রাখা হবে।

চীনা বিজ্ঞানীদের দাবি, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ম্যাগনেটটি আন্তর্জাতিক ফিউশন প্রকল্পে ব্যবহৃত চুম্বকের চেয়েও বড়। একই সঙ্গে এটি প্রায় তিন গুণ বেশি বিদ্যুৎ শক্তি সঞ্চয় করতে সক্ষম।

চীনের লক্ষ্য, ২০২৭ সালের মধ্যে BEST রিয়্যাক্টরের নির্মাণকাজ শেষ করা। এরপর ২০৩০ সালের মধ্যে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে পরিচ্ছন্ন ও বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি উন্নয়নের পরিকল্পনা রয়েছে দেশটির।