মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের কোনো লক্ষণ নেই। পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর সামরিক তৎপরতার মধ্যেই এবার শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করতে সম্পূর্ণ প্রস্তুত তেহরান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা থেকে ইরান যদি বাস্তব কোনো সুবিধা না পায়, তাহলে সেই চুক্তি মেনে চলারও কোনো বাধ্যবাধকতা নেই।
আল অ্যারাবিয়া ইংলিশকে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, ইরান কখনো যুদ্ধ চায় না, তবে জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে শক্ত অবস্থান নিতে এবং যুদ্ধ করতে প্রস্তুত।
তিনি আরও জানান, তেহরান এখনো কূটনীতি ও আলোচনাকেই অগ্রাধিকার দিতে চায়। তবে সেই আলোচনা কোনোভাবেই আত্মসমর্পণ বা চাপের কাছে নতি স্বীকারের সমার্থক নয়।
গালিবাফের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন স্থানে হামলা এবং নৌ অবরোধ জোরদার করেছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। হোয়াইট হাউসের দাবি, ট্রাম্পকে হত্যার কথিত ষড়যন্ত্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের বিরুদ্ধে বিশেষ সামরিক পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান।
ফলে কূটনৈতিক অচলাবস্থা, পাল্টাপাল্টি হুমকি এবং সামরিক তৎপরতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

ডেস্ক রিপোর্ট 






















