এবার কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। রোববার সকালে ট্রাকটিতে আগুন দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এদিকে ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনের চাকায় দুই যুবক আগুন ধরিয়ে দিচ্ছেন। তাদের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল। আগুন লাগানোর পর একজনকে ‘জয় বাংলা’ বলতে শোনা যায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশারফ হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের চাকায় দুর্বৃত্তরা আগুন দেয়। সে সময় গাড়ির ভেতর চালক ও সহকারী ঘুমাচ্ছিলেন। তারা টের পেয়ে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট 



















