চীন নগর পরিচ্ছন্নতায় নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্বয়ংক্রিয় রোবট নিয়োগের মাধ্যমে। এসব স্মার্ট রোবট রাস্তাঘাটের ময়লা-আবর্জনা ও কাদা-মাটি পরিষ্কার করতে সক্ষম। ফলে শহর ২৪ ঘণ্টাই ঝকঝকে তকতকে রাখা সম্ভব হচ্ছে। শুধু সড়ক নয়, জলাধার ও লেকের পানিও রোবটের মাধ্যমে পরিষ্কার করা হচ্ছে।
বর্তমানে পরীক্ষামূলকভাবে কাজ করছে এআই স্যানিটেশন রোবটগুলো, তবে শিগগিরই বৃহৎ পরিসরে ব্যবহার শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাঝারি আকারের এই রোবটগুলো পূর্বনির্ধারিত রুটে স্বয়ংক্রিয়ভাবে আবর্জনা শনাক্ত করে পরিষ্কার করতে পারে। শুকনো ময়লা থেকে শুরু করে কাদা মাটিও মুহূর্তেই পরিষ্কার করে ফেলছে এগুলো।
আরবান স্টুয়ার্ড প্রজেক্টের জেনারেল ম্যানেজার লিন সংইউয়ান জানান, এই মানবহীন ডিভাইসগুলো ক্লাউডভিত্তিক প্রযুক্তিতে পরিচালিত হয়। ফলে যন্ত্রের অবস্থান, কার্যসম্পাদন এবং নির্দিষ্ট এলাকায় কাজ শেষ হয়েছে কিনা তা সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব।
পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে এ ধরনের রোবটের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উদ্যোক্তারা মনে করছেন, তৃতীয় বিশ্বের দেশগুলোতেও যদি এ ধরনের আধুনিক স্মার্ট ক্লিনিং রোবট ব্যবহার করা যায় তবে নগর ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে।
সূত্র: ব্যাসটাইল পোস্ট গ্লোবাল

ডেস্ক রিপোর্ট 
























