বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবারও ভারতের অংশ হবে—এমন মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব। এ সময় ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি।
রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রামদেব। ভারতের কোনো ধর্মই হুমকির মুখে নেই দাবি করে তিনি বলেন, বরং হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা।
পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের অভিযোগও করেন তিনি। তার দাবি, দুই দেশে হিন্দুরা নির্যাতন ও অবিচারের শিকার হয়েছেন। এ প্রসঙ্গে ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরে রামদেব বলেন, গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা সংবিধান ও নৈতিকতার সীমার মধ্যে থাকা উচিত।
তিনি বলেন, ‘একদিন এমন সময় আসবে, যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে যুক্ত হবে। শুধু একটু ধৈর্য ধরুন।’
ধর্মান্তর ও তা ঠেকাতে ছত্তিশগড়ে করা আইন নিয়েও কথা বলেন এই যোগগুরু। তার মতে, হিন্দু, মুসলিম কিংবা খ্রিষ্টান—কোনো ধর্মই হুমকির মুখে নেই; বরং ভারতের সম্মান ও মর্যাদাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে ভারতকে বিশ্বের সেরা গণতন্ত্রে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন রামদেব। তার স্বপ্ন, ভারতের অর্থনীতি বিশ্বের শীর্ষে থাকবে, শক্তিশালী হবে রুপি ও ভারতীয় পাসপোর্ট।

ডেস্ক রিপোর্ট 






















