কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি।
মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইমরান খানের সাম্প্রতিক চিকিৎসাসংক্রান্ত তথ্যকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন আলভি।
চিকিৎসকদের সঙ্গে পর্যালোচনার পর তিনি জানান, ইমরান খান চরম মানসিক চাপ, অনিয়মিত হৃদস্পন্দন ও উচ্চ রক্তচাপে ভুগছেন। দীর্ঘ কারাবাস ও নির্জনবাসের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
আলভির ভাষ্য অনুযায়ী, ইমরান খানের হৃদস্পন্দন মিনিটে ৫৪ বার রেকর্ড করা হয়েছে। তার দ্রুত ২৪ ঘণ্টার হল্টার মনিটরিং, ইকোকার্ডিওগ্রাম, কার্ডিয়াক এমআরআই ও সিটি এনজিওগ্রামসহ বেশ কিছু পরীক্ষা প্রয়োজন।
একই সঙ্গে স্বাধীন চিকিৎসক প্যানেলের তত্ত্বাবধানে ইমরান খানকে দ্রুত হাসপাতালে নেওয়ার দাবি জানিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট।
এদিকে ইমরান খানের ছেলেদের দাবি, গত সাত মাস ধরে পরিবার, আইনজীবী কিংবা ব্যক্তিগত চিকিৎসকদের তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। বাবার মুক্তির দাবিতে পিটিআই সমর্থকদের বিক্ষোভও অব্যাহত রয়েছে।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ২০২৩ সাল থেকে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি। যদিও ইমরান খান ও তার দল এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।

ডেস্ক রিপোর্ট 























