তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নেতা মাওলানা মামুনুল হকসহ দেশের ছয়জন আলেমের একটি প্রতিনিধি দল। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তারা কাবুলে পৌঁছান। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিনিধিদল সফরকালে ইমারাতে ইসলামিয়া (তালেবান) সরকারের প্রধান বিচারপতি, কয়েকজন মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। বিশেষভাবে পশ্চিমা বিশ্বে আফগানিস্তানের মানবাধিকার ও নারী অধিকার ইস্যুতে যে সমালোচনা রয়েছে, তার বাস্তব অবস্থা তারা সরেজমিনে পরিদর্শন করবেন বলে জানানো হয়েছে।

এ সফরে দুই দেশের আলেমদের সম্পর্ক উন্নয়ন, কূটনৈতিক যোগাযোগ জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মতো বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাবে। এছাড়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাও প্রতিনিধি দলটি পরিদর্শন করবে।

মামুনুল হক ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।