পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান-ভারত সংঘাতে ইসলামাবাদ ভারতের মোদি সরকারের জন্য এমন এক শিক্ষা দিয়েছে, যা তারা কখনও ভুলবে না। বুধবার খাইবার পখতুনখোয়ার (কেপি) হারিপুর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ল্যাপটপ স্কিম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেহবাজ শরীফ বলেন, ‘মার্কা-এ-হক’ বা সত্যের যুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী জাতির দোয়া ও সমর্থনের মাধ্যমে বিজয় অর্জন করেছে। তিনি দাবি করেন, দিল্লি থেকে মুম্বই পর্যন্ত ভারত এই পরাজয় কখনও ভুলবে না।
মে মাসে দুই দেশের মধ্যে সংঘটিত যুদ্ধের প্রেক্ষাপট উল্লেখ করে পাকিস্তানের পক্ষ দাবি করেছে, ভারত অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানে আক্রমণ চালায়। অন্যদিকে নয়াদিল্লি দাবি করেছে, পেহেলগামে ২৬ জন পর্যটক হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীরা পাকিস্তানি। সংঘাত ৮৭ ঘণ্টা চলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়।
শেহবাজ শরীফ খাইবার পখতুনখোয়ার মানুষকে ‘দৃঢ়চেতা ও বীর’ হিসেবে উল্লেখ করে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের ত্যাগের কারণে দেশে শান্তি ফিরেছে। তিনি জানান, ল্যাপটপ স্কিমের আওতায় প্রদেশজুড়ে ল্যাপটপ বিতরণ সম্প্রসারিত করা হবে।

