এখনো শেষ হয়নি যুদ্ধবিরতির মেয়াদ। আলোচনা চলছে মেয়াদ বাড়ানোর। কিন্তু এর মধ্যেই বাড়ছে যুদ্ধ শুরুর আতঙ্ক। যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না তেহরান এবং যেকোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।
রবিবার (১৯ এপ্রিল) ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গালিবাফ এই সতর্কবার্তা দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও এ যুদ্ধ বন্ধ করা নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই তার এ মন্তব্য সামনে এলো। যা উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি ও যুক্তরাষ্ট্রের অবরোধ নিয়ে বিরোধ আরও বড় আকার ধারণ করেছে।
এদিকে ইসরাইলি আর্মি রেডিওর প্রতিবেদনে সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সমাপ্তির দিকে। এই আশঙ্কায় ইসরাইলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এর আগে ট্রাম্পকে হুঁশিয়ারি করেছে ইয়েমেনের হুথিরা। ইয়েমেন উপকূলের বাব আল–মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সানাভিত্তিক হুতি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও তারা শর্ত হিসেবে উল্লেখ করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে এই প্রণালি বন্ধ করে দেবে। কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 




















