আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে একটি সড়ক নামকরণের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসারের সৌজন্য সাক্ষাৎকালে এ প্রস্তাব উত্থাপন করা হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সমতা ও মর্যাদার ভিত্তিতে আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ককে আরও বহুমুখী ও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি না থাকায় বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো ‘সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি’র খসড়াটি দ্রুত চূড়ান্ত করা প্রয়োজন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের বাউল ও লোকসংস্কৃতির সঙ্গে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ট্যাঙ্গো ও চ্যামামে নৃত্যের সাংস্কৃতিক মেলবন্ধন দুই দেশের জনগণের মধ্যে নতুন মাত্রার সম্পর্ক গড়ে তুলতে পারে। পাশাপাশি চলচ্চিত্র, গণমাধ্যম ও অন্যান্য সাংস্কৃতিক অনুষঙ্গ বিনিময়ের মাধ্যমেও সম্পর্ক আরও সম্প্রসারিত করা সম্ভব।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে একটি সড়ক নামকরণের প্রস্তাবের পাশাপাশি দুই দেশের জলবায়ু ও আবহাওয়ার সাদৃশ্য বিবেচনায় বাংলাদেশের কিছু ঐতিহ্যবাহী দেশীয় উদ্ভিদ আর্জেন্টিনায় রোপণ ও স্থানান্তরের পরিবেশবান্ধব প্রস্তাবও উত্থাপন করা হয়।
এদিকে, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ হিসেবে চলমান ফিফা বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা থেকে চারজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ব্লগারকে বাংলাদেশ সফরে আনার পরিকল্পনার কথা জানান আর্জেন্টিনার রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের কোটি ভক্তের উচ্ছ্বাস, ভালোবাসা ও সংস্কৃতি নিয়ে তারা বিশেষ ভ্লগ তৈরি করবেন, যা আর্জেন্টিনাজুড়ে প্রচার করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় ও বহুমাত্রিক রূপ লাভ করবে।

ডেস্ক রিপোর্ট 























