হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমদানিকারক, রপ্তানিকারক থেকে শুরু করে সিঅ্যান্ডএফ এজেন্ট—সবাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আনুষ্ঠানিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ না হলেও ব্যবসায়ীদের আশঙ্কা, আগুনে প্রায় ৩ হাজার কোটি টাকার পণ্য পুড়ে গেছে।
আগুনে ওষুধের কাঁচামাল, বন্ডেড কাঁচামাল, কেমিক্যাল, ইলেকট্রনিক্স পণ্যসহ গুরুত্বপূর্ণ আমদানি সংক্রান্ত নথিপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। এতে হাজার হাজার ব্যবসায়ী নিঃস্ব হওয়ার মুখে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। এর পাশেই ছিল রাসায়নিক গুদাম, যেখানে কেমিক্যাল, মোবাইলের এলডিসি ও অন্যান্য দাহ্য পদার্থ সংরক্ষিত ছিল। দ্রুত আগুন ছড়িয়ে পুরো গুদাম এলাকায় ভয়াবহ রূপ নেয়।
ঢাকা কাস্টম হাউস সূত্রে জানা যায়, শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় ওই সময় কার্গো ভিলেজে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ পণ্য মজুত ছিল। ফলে ক্ষতির পরিমাণও বেড়েছে কয়েকগুণ।
ঢাকা কাস্টম হাউস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন কালবেলা বলেন,
“কার্গো ভিলেজের আগুনে প্রায় সব পুড়ে গেছে। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, কেমিক্যাল, বন্ডেড কাঁচামাল—সব শেষ। দ্রুত সময়ে শিপমেন্টের জন্য আনা জরুরি পণ্যও পুড়ে গেছে। আমরা ধারণা করছি, প্রায় তিন হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।”
ইলেকট্রনিক্স পণ্য আমদানিকারক জাহাঙ্গীর আলম জানান,
“আমার ৪৮৬ কার্টন ইলেকট্রনিক্স পণ্য ছিল, সব পুড়ে গেছে। এর বিপরীতে আমি ২০ লাখ টাকা শুল্ক-করও দিয়েছিলাম। এক আগুনে সব শেষ হয়ে গেল।”
এই অগ্নিকাণ্ডে হাজারো ছোট আমদানিকারক ব্যবসায়ী এখন দিশেহারা। বিমানবন্দর ও কাস্টম কর্তৃপক্ষ বলছে, ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

ডেস্ক রিপোর্ট 























