গাজায় যুদ্ধবিরতির সবচেয়ে মারাত্মক লঙ্ঘনে ইসরায়েলি বাহিনীর হামলায় একই পরিবারের ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় গাজা শহরের জাইতুন এলাকায় আবু শাবান পরিবারের একটি বেসামরিক গাড়িতে ট্যাঙ্ক শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে সাত শিশু ও তিন নারী রয়েছেন। তিনি বলেন, “তাদের সতর্ক করা যেত, কিন্তু ইসরায়েলি বাহিনী নিরীহ বেসামরিকদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে—এটি স্পষ্টতই যুদ্ধাপরাধ।”
জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয়ের সহায়তায় এ পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে বোমাবর্ষণের তীব্রতায় দুটি শিশুর দেহাবশেষ এখনও নিখোঁজ।
হামাস এই ঘটনাকে “গণহত্যা” আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায় এবং যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের ওপর চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানায়।

