ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকেই হাজারো মানুষ শাহবাগে অবস্থান নেন। বিক্ষোভ সমাবেশ থেকে এই চত্বরের নতুন নাম ঘোষণা করা হয়— ‘শহীদ ওসমান হাদি চত্বর’।
বিকেলে শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আজ থেকে শাহবাগের নাম ‘শহীদ ওসমান হাদি চত্বর’।” তিনি ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিভিন্ন দল ও মতের মানুষের ঢল নামে শাহবাগে। বিক্ষোভকারীরা ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’—এমন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার সময় গত ২০ ডিসেম্বর দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলি লাগায় তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয় তাকে। তিন দিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। শাহবাগের এই অবস্থান কর্মসূচি তারই ধারাবাহিকতা, যেখানে বিক্ষোভকারীরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

ডেস্ক রিপোর্ট 
























