ময়মনসিংহ নগরীর বাঘমারায় পুলিশের অভিযানের সময় নিজ বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়ে একজন আওয়ামী লীগ নেতা মারা গেছেন। নিহত ব্যক্তির নাম কাজী মঞ্জুর মোর্শেদ রাজু, যিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
নিহতের ভাই কাজী শিপলু জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালি থানা পুলিশ রাজুকে গ্রেপ্তারে তার বাসায় গেলে তিনি গ্রেপ্তার এড়াতে দোতলা বাড়ির ছাদ থেকে লাফ দেন। ছাদ থেকে লাফ দেওয়ার সময় বেলকনির সঙ্গে মাথায় আঘাত লাগে, যা গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ৩টায় তাঁর মৃত্যু হয়।
রাজুর স্ত্রী সাথী জানান, রাজু গত ৮-১০ বছর ধরে রাজনীতিতে সক্রিয় ছিলেন না এবং তার নামে কোনো মামলাও নেই।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজুর বাসায় পৌঁছায় এবং নক করার পর কেউ গেট না খোলায় পুলিশ ফিরে আসে। পরে সেখানে কী ঘটেছে, তার বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই।

ডেস্ক রিপোর্ট 



















