প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা। সফর ঘিরে ভারতের রাষ্ট্রপতি ভবনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ এবং মাত্র এক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, শনিবার ফোরকোর্টে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কথা উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শনিবার ২২ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কারণে চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান বন্ধ থাকবে।
তবে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় মাত্র এক ঘণ্টা পর বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন।
বেলা ৩টার দিকে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ আগস্ট প্রকাশিত চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান বাতিলসংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।
ভারতে রাষ্ট্রীয় সফরে যাওয়া বিদেশি রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতাদের সম্মানে রাষ্ট্রপতি ভবনে বিশেষ আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। এর মধ্যে থাকে সামরিক অভ্যর্থনা, গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং আনুষ্ঠানিক পরিচয়পর্ব।
সাধারণত মূল অনুষ্ঠানের আগে এর পূর্ণাঙ্গ মহড়াও অনুষ্ঠিত হয়। ফলে রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি প্রকাশ ও দ্রুত প্রত্যাহারের ঘটনায় তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে এখন পর্যন্ত এ সফর সম্পর্কে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 























