ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি সুরক্ষিত না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গসহ ভারত কেউই নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার (২১ আগস্ট) উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়িতে সশস্ত্র সীমা বল—এসএসবির বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
অমিত শাহ অভিযোগ করেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি চেয়ে বারবার অনুরোধ করা হলেও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা দেননি।
শাহ বলেন, বিএসএফের মাধ্যমে সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি বারবার আবেদন করেছিলেন। কিন্তু তার কোনো অনুরোধই গুরুত্ব পায়নি।
তিনি আরও দাবি করেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ২০১৪ সাল থেকেই পশ্চিমবঙ্গ সরকারের কাছে ১ হাজার ১২৯ একর জমি চাওয়া হয়েছিল। তবে রাজ্যে বিজেপি সরকার গঠনের পরই কেবল সেই জমি পাওয়া সম্ভব হয়েছে।
অমিত শাহের ভাষায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত না হলে শুধু পশ্চিমবঙ্গ নয়, পুরো ভারতই নিরাপদ থাকবে না। তাই সীমান্ত সুরক্ষায় অবকাঠামো উন্নয়ন ও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

ডেস্ক রিপোর্ট 






















