ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আজ (রোববার) দিতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় বিকেলে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ব্রিটিশ সরকার বলছে, ইসরাইল যদি গাজায় যুদ্ধবিরতির শর্ত মানতে অস্বীকৃতি জানায় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে দীর্ঘমেয়াদে টেকসই শান্তি প্রতিষ্ঠার চুক্তি না করে, তাহলে যুক্তরাজ্য নিজেদের অবস্থান বদলাবে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাজ্য সরকারের এ অবস্থান পরিবর্তনের সমালোচনা করেছে ইসরাইল। গাজায় জিম্মি থাকা ইসরাইলি পরিবারসহ কয়েকজন রক্ষণশীল ব্যক্তিও সমালোচনা করেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পদক্ষেপকে ‘সন্ত্রাসকে পুরস্কৃত করা’ বলে আখ্যায়িত করেছেন।

যুক্তরাজ্যের সরকারি সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহে গাজায় পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। দুর্ভিক্ষ ও সহিংসতার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী স্টারমার পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে মন্তব্য করেছেন।

যুক্তরাজ্যের পাশাপাশি ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।