দীর্ঘ ২৩ মাস ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী আগ্রাসন অব্যাহত রয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলের দিকে অন্তত দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে, আর অপরটি দক্ষিণ ইসরায়েলের উন্মুক্ত স্থানে আঘাত হেনেছে।

আইডিএফের বিবৃতি অনুযায়ী, হামলার আগেই লাখিশ ও আশদোদ এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, গাজা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দায়িত্ব কোন গোষ্ঠী নিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এদিকে রোববার ভোর থেকে গাজায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রায় দুই বছর ধরে ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় টানা বিমান হামলা ও ট্যাংকের গোলাবর্ষণ চালিয়ে আসছে। এই নির্বিচার হামলায় গাজার বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।