মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু আলোচনার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর হস্তক্ষেপের কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই।

সোমবার (২১ অক্টোবর) এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে খামেনি বলেন, কোন দেশ পরমাণু শক্তিধর হবে আর কোনটি নয়—এটা নির্ধারণের ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। তিনি অভিযোগ করেন, আলোচনার নামে যুক্তরাষ্ট্র বারবার নিজেদের সিদ্ধান্ত অন্যদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের এমন প্রস্তাবের কোনো গ্রহণযোগ্যতাই নেই।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা মেরে তা ধ্বংস করেছে। এই বক্তব্যকে “আষাঢ়ে গল্প” বলে উড়িয়ে দেন খামেনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইসরাইলকে অস্ত্র সরবরাহ করে গাজায় যুদ্ধাপরাধে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিচ্ছে।

অন্যদিকে, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। সোমবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কো তেহরানের সঙ্গে কূটনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করতে প্রস্তুত।