বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর ইতালির রাজধানী রোমে হামলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একদল ব্যক্তি তাকে ধাওয়া করে মারধর করছে। ঘটনার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও ভিডিওটি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর ইতালির রাজধানী রোমে হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতে রোমের তরপিনাতারা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পরে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বনি আমিনকে ঘিরে ধরে তার সঙ্গে ধস্তাধস্তি করছেন। একপর্যায়ে তিনি নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করে। পরে রাস্তার পাশে একটি পার্ক করা গাড়ির সামনে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ভিডিওতে হামলাকারীদের বাংলায় চিৎকার ও গালাগাল করতে শোনা যায়। একই সঙ্গে তারা বারবার বনি আমিনকে ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছিলেন।
তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, কিংবা কারা এর সঙ্গে জড়িত—তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের দাবি উঠলেও সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নোয়াখালীর হাতিয়ায় জন্ম নেওয়া বনি আমিন অস্ট্রেলিয়ার নাগরিক। বিশ্বের ৮০টিরও বেশি দেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তিনি নিয়মিত কনটেন্ট তৈরি করেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয়েও মতামত প্রকাশ করে পরিচিতি পেয়েছেন।
এদিকে বিদেশের মাটিতে একজন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরের ওপর এমন হামলার ভিডিও প্রকাশের পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ডেস্ক রিপোর্ট 























