তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত আয়া সোফিয়া বিশ্বের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। প্রায় দেড় হাজার বছরের পুরোনো এই স্থাপনা একসময় ছিল খ্রিস্টান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গির্জা, পরে তা পরিণত হয় মসজিদে।
বর্তমান আয়া সোফিয়া নির্মিত হয় ৫৩২ থেকে ৫৩৭ খ্রিস্টাব্দের মধ্যে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের আমলে। প্রায় ৯০০ বছর এটি বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রধান গির্জা হিসেবে ব্যবহৃত হয়।
১৪৫৩ সালে কনস্ট্যান্টিনোপল বিজয়ের পর উসমানীয় সুলতান মুহাম্মদ ফাতেহ আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন। এরপর ভবনটিতে মিনার, মেহরাব, মিম্বার ও ইসলামী ক্যালিগ্রাফি সংযোজন করা হয় এবং শতাব্দীর পর শতাব্দী এটি উসমানীয় সাম্রাজ্যের প্রধান ধর্মীয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
১৯৩৫ সালে তুরস্ক প্রজাতন্ত্র এটিকে জাদুঘরে রূপান্তর করে। তবে ২০২০ সালে আদালতের রায়ের পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সিদ্ধান্তে আয়া সোফিয়া আবারও মসজিদের মর্যাদা ফিরে পায়।
বর্তমানে আয়া সোফিয়া শুধু একটি উপাসনালয় নয়, বরং খ্রিস্টান ও ইসলামী সভ্যতার ইতিহাস, স্থাপত্য এবং সংস্কৃতির এক অনন্য প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত।

ডেস্ক রিপোর্ট 

























