সৌদি আরবের সঙ্গে বহুল আলোচিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে নতুন শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ‘আব্রাহাম আকর্ডস’-এ সৌদি আরব যোগ না দিলে ওয়াশিংটনের সঙ্গে প্রস্তাবিত পারমাণবিক চুক্তি কার্যকর হবে না।
স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর এই পারমাণবিক সহযোগিতা কেবল বেসামরিক ব্যবহারের জন্যই হবে এবং এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করবে সৌদি আরবের আব্রাহাম আকর্ডসে যোগদানের ওপর।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিটও বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌদি আরব যদি এই আঞ্চলিক শান্তি চুক্তিতে অংশ না নেয়, তাহলে পারমাণবিক চুক্তিটি বাতিল বলে গণ্য হবে।
এর আগে দুই দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মার্কিন প্রযুক্তিতে পারমাণবিক চুল্লি নির্মাণ নিয়ে প্রাথমিক সমঝোতার কথা জানালেও ট্রাম্পের নতুন শর্তে পুরো প্রক্রিয়ায় নতুন কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরেই সৌদি আরব জানিয়ে আসছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। ট্রাম্পের ঘোষণার পর ওয়াশিংটনে সৌদি দূতাবাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
অন্যদিকে ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, সৌদি আরবের আব্রাহাম আকর্ডসে যোগদান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হবে।
উল্লেখ্য, ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। সেই চুক্তিই ‘আব্রাহাম আকর্ডস’ নামে পরিচিত। এখন সৌদি আরবকে সেই জোটে যুক্ত করাই ওয়াশিংটনের অন্যতম প্রধান কূটনৈতিক লক্ষ্য।

ডেস্ক রিপোর্ট 






















