ভারতের নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনে নতুন মাত্রা যোগ হতে পারে। আন্দোলনে যোগ দিতে আজ রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিতে পারেন তিনি। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

নিট প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যেই ভারতের অন্যতম বড় ছাত্র আন্দোলনে রূপ নিয়েছে। পরীক্ষা বাতিল, নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশজুড়ে চলছে বিক্ষোভ। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলও।

রোববার সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুরু থেকেই তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে রয়েছেন। তিনি এটিকে শুধু ন্যায়বিচারের দাবি নয়, বরং দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার লড়াই বলেও উল্লেখ করেন। পাশাপাশি প্রয়োজন হলে নিজেও আন্দোলনে যোগ দেওয়ার ইঙ্গিত দেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যন্তর মন্তরে উপস্থিতি হলে শিক্ষার্থীদের এই আন্দোলন আরও বড় রাজনৈতিক গুরুত্ব পাবে। এখন সবার নজর, আন্দোলনস্থলে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তিনি কী বার্তা দেন এবং নিট ইস্যুতে তাঁর অবস্থান কতটা জোরালোভাবে তুলে ধরেন।