চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য আমদানির আড়ালে ভারত থেকে চোরাচালান হয়ে আসা ৪২টি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ভারতীয় একটি পাথরবোঝাই ট্রাক থেকে এসব ফোন উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। এসময় ইঞ্জিনের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। জব্দ হওয়া ফোনগুলোর মধ্যে রয়েছে ভারতীয় ভ্যারিয়েন্টের ৮টি আইফোন, স্যামসাংয়ের ৫টি, ওয়ানপ্লাসের ১টি, ভিভোর ১২টি, রিয়েলমির ৪টি, রেডমির ৩টি এবং অপ্পোর ৬টি মোবাইল ফোন।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির আহমেদ জিসান বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাথর আমদানির আড়ালে আনা এসব মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেস্ক রিপোর্ট 























