কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যকে ‘উস্কানিমূলক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সীমান্তে ভারতের যেকোনো আগ্রাসী বা দুঃসাহসিক পদক্ষেপের জবাব দিতে তারা প্রস্তুত। একই সঙ্গে এমন বক্তব্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেছে ইসলামাবাদ।
এর আগে রাজনাথ সিং বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হলে তা শুধু আজাদ জম্মু ও কাশ্মীর ইস্যু নিয়েই হবে। পাশাপাশি সীমান্তে যেকোনো ধরনের ‘দুঃসাহসিকতার’ কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
জবাবে পাকিস্তান দাবি করেছে, ভারতের এই অবস্থান কাশ্মীরকে আন্তর্জাতিক বিরোধ হিসেবে স্বীকৃতি দেওয়া জাতিসংঘের প্রস্তাবের সঙ্গে সাংঘর্ষিক।
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও ভারতের সমালোচনা করে বলেন, রাজনৈতিক বক্তব্য দিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাস্তবতা বদলানো যায় না। একই সঙ্গে কাশ্মীর সংকট সমাধানে জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

ডেস্ক রিপোর্ট 

























