মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ ইরান শুরু করেনি। তবে যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে তার দেশ দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে।
তেহরানে অনুষ্ঠিত ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে দেওয়া টেলিভিশন সম্প্রচারিত ভাষণে এসব কথা বলেন পেজেশকিয়ান।
ইরানের প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। তবে হামলার মুখে ইরান দুর্বল অবস্থানে নেই বলেও স্পষ্ট করেন তিনি।
সম্মেলনে মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ দূর করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পেজেশকিয়ান। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে হামলায় প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহারের বিরুদ্ধেও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
পেজেশকিয়ান বলেন, কোনো মুসলিম দেশের উচিত নয় প্রতিবেশী দেশকে অনিরাপদ করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা। একইভাবে কোনো মুসলিম দেশের ভূখণ্ড যেন অন্য কোনো মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ইরান জানে কীভাবে নিজেদের প্রতিরক্ষা করতে হয় এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসনের মুখেও দেশটি শক্তভাবে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।
মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর জোর দিয়ে পেজেশকিয়ানের বার্তা—নিরাপত্তা নিশ্চিত করতে বিভাজন নয়, প্রয়োজন পারস্পরিক আস্থা ও ঐক্য।

ডেস্ক রিপোর্ট 






















