ইরানের শাসন পরিবর্তন বা ‘রেজিম চেঞ্জ’ ইস্যু আবারও আলোচনায়। বিশ্লেষকদের ধারণা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি আবারও উত্থাপন করতে পারেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশ্লেষক অ্যালেক্স ভাতাঙ্কা বলেন, নেতানিয়াহু ট্রাম্পকে তেহরানে শাসন পরিবর্তনের পক্ষে রাজি করানোর চেষ্টা করতে পারেন। তবে বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প এ ধরনের প্রস্তাবে সাড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম।
তার ভাষ্য, যুক্তরাষ্ট্রে ইরানকে কেন্দ্র করে নতুন করে কোনো সামরিক সংঘাতে জড়ানোর পক্ষে জনসমর্থন নেই। তাই নেতানিয়াহুর এই সফর থেকে বাস্তবে কী অর্জিত হবে, সেটিই এখন দেখার বিষয়।
বিশ্লেষকদের মতে, ইসরাইল চায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন আরও কঠোর অবস্থান নিক। তবে ট্রাম্প প্রশাসনের ধারণা, সরাসরি ইরান দখলের মতো পদক্ষেপ ছাড়া সামরিকভাবে যুক্তরাষ্ট্রের করার মতো বিকল্প খুবই সীমিত, আর এমন কোনো সম্ভাবনাকে বাস্তবসম্মত বলেও মনে করা হচ্ছে না।

ডেস্ক রিপোর্ট 



















