প্রেমের সম্পর্ক থেকে বিরোধ তৈরি হওয়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নারী শিশু মামলা-৩৪৭/২০২৫) দায়ের করেছেন জুলাই মঞ্চের এক নেত্রী। সেই মামলায় আদালতের নির্দেশে ফরিদগঞ্জ উপজেলার এনসিপির যুগ্ম সমন্বয়ক আল আমিন সৈকতকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বুধবার (২৯ অক্টোবর) গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম।
মামলার বিবরণে জানা যায়, কচুয়া উপজেলার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে আল আমিন সৈকতের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর বিয়ের দাবিতে চলতি মাসের ৫ তারিখে প্রেমিকের গ্রামের বাড়িতে অবস্থান নেন তিনি। কিন্তু আল আমিন বিয়েতে রাজি না হওয়ায় গত ২৬ অক্টোবর চাঁদপুর আদালতে মামলা করেন ভুক্তভোগী। আদালত মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং তার ভিত্তিতে যৌথবাহিনী তাকে আটক করে।
অন্যদিকে এনসিপি চাঁদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মাহবুব আলম জানান, আল আমিন সৈকত নির্দোষ। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ডেস্ক রিপোর্ট 

























