চলতি ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২–এ প্যারাগুয়ের কাছে বিস্ময়কর হারের পর জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান স্বীকার করলেন, তার দলকে আর বিশ্ব ফুটবলের শীর্ষ সারির বলা যায় না। বোস্টনে ১–১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ৪–৩ ব্যবধানে হেরে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরোতে না পারার পর এবার প্রথম নকআউট ম্যাচেই বিদায় নিল তারা। এই দুঃস্বপ্নের ধারা যেন থামছেই না।
ম্যাচ শেষে বিবিসিকে নাগেলসমান বলেন, ‘প্যারাগুয়ের মতো দলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার স্বাদটা অনেক তেঁতো। অনেক কষ্টের। এটা টানা তৃতীয়বার বিদায়। তাই আমরা আর শীর্ষ সারির দলের মধ্যে নেই।’ ম্যাচে জার্মানি বল দখলে রেখেছিল ৭৫ শতাংশ সময়। কিন্তু প্যারাগুয়ে রক্ষণ ভাঙতে তারা ব্যর্থ হয়। হুলিও এনসিসোর গোলের জবাব দেন কাই হাভার্টজ। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টিতে। সেখানে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শুটআউটে হারে জার্মানি।
জার্মানির সাবেক মিডফিল্ডার থমাস হিটজলস্পার্গার মনে করেন, সমস্যা শুধু একটি টুর্নামেন্টে আটকে নেই। তার মতে, অতীতে যে গুণ জার্মান ফুটবলকে আরও ভয়ঙ্কর করে তুলত, সেটাই তারা হারিয়ে ফেলেছে। হিটজলস্পার্গার বিবিসি স্পোর্টসকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জার্মানিতে খেলোয়াড় গড়ে তোলার পুরো প্রক্রিয়া ছিল পাসিং, খেলার ধরন আর কৌশলগত উদ্ভাবন নিয়ে। কিন্তু একটা জিনিসে হয়তো আমরা যথেষ্ট মনোযোগ দিইনি, আর সেটা হলো একটু ধার থাকা।’
তিনি আরও বলেন, ‘এর মানে এই নয় যে আমরা শুধু লম্বা বল দেব, হেডার জিতব আর কুৎসিতভাবে জিতব। তবে একই সঙ্গে আমরা সেই ফিয়ার ফ্যাক্টরটাও হারিয়ে ফেলেছি, যা একসময় প্রতিপক্ষ দলগুলোকে ভয় পাওয়াত। অন্য দলগুলো আমাদের সম্মান করে, কিন্তু আর ভয় পায় না। আমাদের হারানো এখন আর কঠিন নয়, আর আমাদের সেই শারীরিক উপস্থিতিও আর নেই, যা একসময় ছিল।’

ডেস্ক রিপোর্ট 






















