এবার পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকায় রোববার (৩০ আগস্ট) থেকে বাণিজ্য বন্ধের ঘোষণা দেন ভারতীয় ব্যবসায়ীরা বলে জানান হিলি স্থলবন্দর আমদানি–রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গ সরকার ট্রাক প্রতি মালামাল পরিবহনের ওজন নির্ধারণ করে দেয়া এবং তা আজ রোববার থেকে কার্যকর করার ঘোষণা দেয়ার প্রতিবাদে ভারতের হিলি বন্দরের ব্যবসায়ীদের সব সংগঠন যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে বন্দরের ব্যবসায়ী সূত্রে জানা গেছে।
বন্দরের ব্যবসায়ীরা জানান, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ সরকার মালামাল পরিবহনের ক্ষেত্রে ট্রাক প্রতি ১০ থেকে ১৫ মেট্রিক টন ওজন কমিয়ে দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬ চাকার ট্রাকে ৩০ মেট্রিক টনের পরিবর্তে ২০ টন এবং ১০ চাকার ট্রাকে ৪০ থেকে ৪৫ টনের পরিবর্তে সর্বোচ্চ ৩০ মেট্রিক টন পণ্য পরিবহনের সীমা নির্ধারণ করা হয়েছে।
ব্যবসায়ীদের দাবি, ট্রাক প্রতি পণ্যের পরিমাণ কমিয়ে দেয়ায় পরিবহন ব্যয় বাড়বে। এতে আমদানি–রফতানি বাণিজ্যে অতিরিক্ত খরচের বোঝা তৈরি হবে। হিলি বন্দরের শুল্ক কর্মকর্তা পারভেজ আহমেদ বলেন, ‘আমরা ভারতের ব্যবসায়ীদের তরফ থেকে এ ধরনের একটা চিঠি পেয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সব প্রকার পণ্য আমদানি–রফতানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।’

ডেস্ক রিপোর্ট 























