বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসাসহ বিভিন্ন ধরনের ভিসা চালু আছে জানিয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পরিস্থিতির উন্নতি হলে ভিসা অফিস সব ধরনের ভারতীয় ভিসা প্রদান শুরু করবে।
সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে সপ্তমী পূজার অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে এই ভিসা দেওয়া হচ্ছে। শিগগিরই অন্যান্য ভিসা প্রক্রিয়াও স্বাভাবিক হবে।
এর আগে প্রণয় ভার্মাকে কুমুদিনী চত্বরে স্বাগত জানান কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক মহাবীর পতি ও ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী। তিনি কুমুদিনী লাইব্রেরিতে চা–চক্র শেষে বজরা নৌকায় লৌহজং নদ পার হয়ে রণদার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

ডেস্ক রিপোর্ট 

























