এবার বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে এ কথাগুলো বলেন প্রধান উপদেষ্টা।সোমবার (২৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করে জিটিও। হিন্দুদের ওপর নির্যাতন–নিপীড়নের অভিযোগ নাকচ করে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।’ ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত মানুষ নিয়েছিল, সে সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি বিস্মিত হয়েছিলাম। তবে অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলাম।’ সে সময় আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব।’ মেহদি জানতে চান কেন বাংলাদেশে নির্বাচন আয়োজন করতে ১৮ মাস সময় লাগছে? জবাবে ড. ইউনূস বলেন, বাংলাদেশে নানা ধরনের দাবি রয়েছে। তিনি বলেন, ‘কেউ এখনই নির্বাচন চায়, আবার কেউ চায় অন্তর্বর্তী সরকার আরও পাঁচ বছর থাকুক। আমাদের অন্তর্বর্তী সরকারের মূলত তিনটি দায়িত্ব—সংস্কার, বিচার এবং নির্বাচন।’
প্রধান উপদেষ্টা জানান, অন্য দুই দায়িত্ব সময়সাপেক্ষ হওয়ায় নির্বাচন আয়োজন করতে ১৮ মাস সময় লাগছে। তিনি আরও বলেন, ‘শুধু নির্বাচন করলে আবার আগের মতো একই ঘটনা ঘটবে।’ মেহেদি উল্লেখ করেন, অমর্ত্য সেনসহ সমালোচকরা বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হবে। জবাবে ড. ইউনূস বলেন, ‘এটা ভুল সমালোচনা, কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। তাদের কার্যক্রম শুধু স্থগিত করা হয়েছে। অর্থাৎ তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না।’
তিনি আরও বলেন, দলটি আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না, তবে তারা দল হিসেবেই বহাল আছে। ড। ইউনূস আরও অভিযোগ করেন যে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক দলের মতো আচরণ করছে না। তারা মানুষ হত্যার জন্য অনুশোচনা প্রকাশ করেনি। তারা তাদের কোনো কাজের দায় নেয়নি। একটি কথাও বলেনি। বরং সবসময় অন্য কাউকে দোষারোপ করছে।’ সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিষয়ে প্রশন করা হলে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ এ বিষয়ে সন্তুষ্ট।

ডেস্ক রিপোর্ট 
























