গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে। এই প্রক্রিয়া শেষ হলে ধাপে ধাপে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে।
বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, এই সমঝোতা দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি।
বোর্ড অব পিসের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, চুক্তির আওতায় প্রথমে পুলিশের ব্যবহৃত অস্ত্র, পরে ব্যক্তিগত অস্ত্র কমিটির কাছে জমা দেবে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। ট্রাম্পের বহুধাপের শান্তি পরিকল্পনা বাস্তবায়নে হামাসের নিরস্ত্রীকরণকে অন্যতম প্রধান শর্ত হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে গাজায় একটি প্রযুক্তিনির্ভর অন্তর্বর্তী সরকার গঠনের পথও তৈরি হবে।
ওই কর্মকর্তা আরও জানান, পরিকল্পনা বাস্তবায়ন হলে অন্তর্বর্তী কর্তৃপক্ষ গাজার প্রশাসনিক দায়িত্ব নেবে এবং হামাস সরকার পরিচালনা থেকে সরে দাঁড়াবে।
তবে ট্রাম্পের এই ঘোষণার পরও হামাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনও এ বিষয়ে হামাসের মন্তব্য জানতে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো জবাব মেলেনি। ফলে ঘোষিত চুক্তি বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

