পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রয়েছেন বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজাও। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক উদ্ধার অভিযান।
আলপাইন ক্লাব অব পাকিস্তান জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ব্রড পিকে এই তুষারধসের ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে ক্লাবটি। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত হেলিকপ্টারসহ প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গগুলো জয় করার নতুন লক্ষ্য ‘হ্যাট-ট্রিক প্রজেক্ট’ বাস্তবায়নের অংশ হিসেবে পাকিস্তানে অবস্থান করছিলেন নির্মল পুরজা। এই প্রকল্পের লক্ষ্য, বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি শৃঙ্গ এবং ‘সেভেন সামিট’—উভয় অর্জনই তিনবার সম্পন্ন করা।
চলতি মাসের শুরুতেই অতিরিক্ত অক্সিজেন ছাড়াই পাকিস্তানের ৮ হাজার ৩৫ মিটার উচ্চতার গাশেরব্রুম-২ শৃঙ্গে আরোহণ করেন তিনি। সেটিই ছিল তার ৫৭তম সফল আট-হাজারি শৃঙ্গজয়।
নেপালের মিয়াগদি জেলার ছোট্ট গ্রাম দানায় জন্ম নেওয়া নির্মল পুরজা একসময় গুর্খা বাহিনী এবং পরে যুক্তরাজ্যের বিশেষ বাহিনীতে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে মাত্র ছয় মাস ছয় দিনে বিশ্বের ১৪টি আট-হাজারি শৃঙ্গে আরোহণ করে বিশ্বরেকর্ড গড়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন তিনি।
এদিকে ব্রড পিকে নিখোঁজ পর্বতারোহীদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ডেস্ক রিপোর্ট 



















